লালমোহন (ভোলা) প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সক্রিয় ছাত্রনেতা ও ভোলার কৃতি সন্তান মোঃ আবু সাঈদ (এম এ সাঈদ) ছাত্রশক্তির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। সম্প্রতি ছাত্রশক্তির ১১১ সদস্যের কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ করা হয়। ওই কমিটিতে তাকে বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন দায়িত্বের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক দীর্ঘদিনের ছাত্ররাজনীতি ও সাংগঠনিক কর্মকাণ্ডের পর বৃহত্তর বরিশাল বিভাগে সাংগঠনিক কার্যক্রমে যুক্ত হলেন তিনি।
“ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতির পথচলা” ভোলায় বেড়ে ওঠা মোঃ আবু সাঈদের ছাত্ররাজনীতির গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে। বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী হিসেবে তিনি শিক্ষার্থীদের অধিকার, সামাজিক ন্যায়বিচার, মানবাধিকার ও বিভিন্ন নাগরিক ইস্যুতে সক্রিয় হন। ২০২২ সাল থেকে তিনি Student Against Torture (SAT)-এর মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তার সাংগঠনিক অভিজ্ঞতা বিস্তৃত হয়। ২০২৩ সালের অক্টোবর থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক গণতান্ত্রিক ছাত্রশক্তির সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। ক্যাম্পাসের বিভিন্ন কর্মসূচি, শিক্ষার্থীদের সংগঠিত করা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে সক্রিয়তার মাধ্যমে তিনি পরিচিতি লাভ করেন।
‘কোটা আন্দোলন থেকে জুলাই গণঅভ্যুত্থান” ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন সারাদেশের শিক্ষার্থীদের আন্দোলনে রূপ নিলে এর অন্যতম প্রধান কেন্দ্র হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। আন্দোলনের শুরু থেকে শিক্ষার্থীদের সংগঠিত করার বিভিন্ন পর্যায়ে সক্রিয় ছিলেন মোঃ আবু সাঈদ। পরবর্তীতে আন্দোলনটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিস্তৃত হলে তিনি কেন্দ্রীয় সমন্বয়কের দায়িত্ব পালন করেন। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনেও তাকে এ পরিচয়ে উল্লেখ করা হয়েছে। আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিছিল, সমাবেশ, শিক্ষার্থীদের সংগঠিত করা এবং কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন কর্মসূচির সঙ্গে সমন্বয়ের ক্ষেত্রেও তিনি সক্রিয় ছিলেন।
“এবার বরিশাল বিভাগে সাংগঠনিক দায়িত্ব” জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক ও সাংগঠনিক প্ল্যাটফর্ম তৈরির প্রক্রিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের একটি অংশ যুক্ত হন। পরবর্তী সময়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ ও এর পুনর্গঠনের ধারাবাহিকতায় ছাত্রশক্তির নতুন সাংগঠনিক কাঠামো গড়ে ওঠে। এরই ধারাবাহিকতায় বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেলেন মোঃ আবু সাঈদ। নতুন দায়িত্বে বরিশাল বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ তৈরি, নতুন নেতৃত্ব গড়ে তোলা এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার কাজ করবেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকেন্দ্রিক ছাত্ররাজনীতি থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় পর্যায় এবং সেখান থেকে এবার বৃহত্তর বরিশাল বিভাগের সাংগঠনিক দায়িত্বে মোঃ আবু সাঈদের রাজনৈতিক ও সাংগঠনিক পথচলায় যুক্ত হলো নতুন অধ্যায়।
No tags found for this post.
মন্তব্য করুন