মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টার : সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রবেশ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি। শিগগিরই জেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ টাস্কফোর্স গঠনের ঘোষণা দেওয়া হবে বলেও জানান তিনি।
২৭ সেপ্টেম্বর রোববার মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রথম দিনের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শ্রমমন্ত্রী।
আরিফুল হক চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসবাদ নির্মূলের মাধ্যমে মৌলভীবাজারকে একটি মাদকমুক্ত, নিরাপদ ও অনন্য মডেল জেলা হিসেবে গড়ে তুলতে সরকার, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, গণমাধ্যম ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাদক ও চোরাচালান প্রতিরোধে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। এ লক্ষ্যে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। জেলা প্রশাসনের নেতৃত্বে সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করলে সীমান্তপথে মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
গণমাধ্যমের ভূমিকার বিষয়ে মন্ত্রী বলেন, অপরাধ ও মাদকসংক্রান্ত সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের জনস্বার্থ ও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। নিজস্ব তথ্যসূত্রের মাধ্যমে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি। এতে অপরাধীরা আগেভাগে সতর্ক হওয়ার সুযোগ না পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর ব্যবস্থা নেওয়ার সুযোগ পাবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করে মাদক ও অপরাধ দমন সম্ভব নয়। এ জন্য জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সামাজিক সচেতনতা প্রয়োজন। প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, গণমাধ্যম ও সাধারণ জনগণ সম্মিলিতভাবে কাজ করলে অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আনা সম্ভব।
সভায় অংশগ্রহণকারীদের পক্ষ থেকে মাদক ব্যবসায়ী ও অপরাধীদের পুলিশের কাছে সোপর্দ করার পর আদালতের আইনি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হয়। জবাবে মন্ত্রী বলেন, আইন ও আদালতের কার্যক্রম প্রচলিত আইন, সুনির্দিষ্ট বিধিমালা ও নিয়ম অনুযায়ী পরিচালিত হয়। এ বিষয়ে উত্থাপিত বিষয়গুলো যথাযথ নিয়মে সরকারের সংশ্লিষ্ট মহলে জানানো হবে।
সভায় উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা মৌলভীবাজারকে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত একটি নিরাপদ ও সুশৃঙ্খল জেলা হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দীন মিটু, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, ৪৬ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সরকার আসিফ মাহমুদ, ৫২ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল আতাউর রহমান সুজন, জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ুন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজান, মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকশী ইকবাল আহমদ, এস এম উমেদ আলী ও বকশি মিসবাউর রহমান।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
No tags found for this post.
মন্তব্য করুন