বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে শারদীয় দুর্গাপূজাকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
এইবার খাগড়াছড়ি জেলা ও উপজেলার ৬৮টি পূজামণ্ডপে কোথাও কোথাও প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে।আবার কোথাও কোথাও প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। তার পাশাপাশি রং-তুলির আঁচড়ে প্রতিমাগুলোকে দেওয়া হচ্ছে শেষ রূপ এবং মণ্ডপ সাজানো ও আলোকসজ্জার কাজও এগিয়ে চলছে।
আজ সকালে খাগড়াছড়ি কয়েকটি পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে, কারিগররা ব্যস্ত প্রতিমার চোখ-মুখ, পোশাক ও অলংকারের কাজে। কেউ তুলিতে রং করছেন, কেউ ব্যস্ত সূক্ষ্ম কারুকাজে। পূজার সময় ঘনিয়ে আসায় দিন-রাত কাজ করছেন প্রতিমাশিল্পীরা।
প্রতিমা তৈরির কাজ শেষ হলেও মণ্ডপের সাজসজ্জা ও অন্যান্য প্রস্তুতি চলছে। এবার খাগড়াছড়ি জেলা ও উপজেলায় মোট ৬৮ টি পূজামণ্ডপে শারদীয় দূর্গা উৎসব অনুষ্ঠিত হবে যা গত বছরের চেয়ে বেশি। এর মধ্যে দুর্গা পুজাকে ঘিরে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
প্রতিমাশিল্পী বাবলু দে জানান,ছোট বেলা থেকে প্রতিমা তৈরী করি।প্রতিমা তৈরিতে মাটির কাজ শেষ হওয়ার পর রং ও তুলির কাজই প্রতিমাকে পূর্ণাঙ্গ রূপ দেয়। বিশেষ করে চোখ-মুখের অভিব্যক্তি ও অলংকারের কাজে বাড়তি যত্ন নিতে হয়। তাই পূজার আগমুহূর্তে তাদের ব্যস্ততাও বেড়েছে।
পূজামণ্ডপে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে খাগড়াছড়ি প্রশাসন।
খাগড়াছড়ি প্রশাসন থেকে জানানো হয় পূজার সময় জেলা ও উপজেলার প্রতিটি পূজামণ্ডপে পুলিশের পাশাপাশি আনসার ও ভিডিপির সদস্যদের নিয়োগ দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা দায়িত্ব পালন করবেন।তাছাড়া প্রায় মন্ডপেই সিসি ক্যামেরা স্থাপন রয়েছে ।
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব হলো দুর্গাপূজা। শারদীয় দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের মানুষেরা যাতে শান্তিপূর্ণভাবে উৎসব পালন করতে পারে, সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হয়েছে।
পুজা উদযাপন পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি অশোক মজুমদার বলেন শারদীয় দুর্গোৎসব সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে প্রতিমা তৈরি থেকে শুরু করে সব ধরনের প্রস্তুতি জোরেশোরে চলছে। ভক্তদের অংশগ্রহণে এবারও আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব পালিত হবে বলে আশা করেন তিনি।
আয়োজকদের তথ্য অনুযায়ী, ১০ অক্টোবর শুভ মহালয়ার মধ্য দিয়ে দুর্গোৎসবের আনুষ্ঠানিক আবহ শুরু হয়েছে এরপর ১৭ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে মূল পূজা শুরু হয়ে ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনের দুর্গোৎসব শেষ হবে।
No tags found for this post.
মন্তব্য করুন