বিপ্লব তালুকদার, সংবাদকর্মী : সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া খবর (ফেক নিউজ) এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া ছবি বা ভিডিও ছড়িয়ে পড়ার প্রবণতা আশঙ্কাজনক হারে বেড়েছে সারা বাংলাদেশে। বাস্তবসম্মত মনে হওয়ায় এসব বিভ্রান্তিকর কনটেন্ট যাচাই না করেই অনেকেই আবেগ তাড়িত হয়ে বা সরল বিশ্বাসে শেয়ার করছেন।
এতে করে একদিকে যেমন সমাজে গুজব ও অস্থিরতা তৈরি হচ্ছে, অন্যদিকে না বুঝে শেয়ার করার কারণে সাধারণ ব্যবহারকারীরাও আইনি ও সামাজিকভাবে নানা বিপাকে পড়ছেন।
কেন সহজেই ছড়িয়ে পড়ছে ভুয়া তথ্য ও এআই ছবি?
বর্তমানে এআই প্রযুক্তির সহজলভ্যতার কারণে মুহূর্তেই যেকোনো ব্যক্তির ছবি, কণ্ঠস্বর বা ঘটনার কাল্পনিক দৃশ্য তৈরি করা সম্ভব হচ্ছে। অনেক ক্ষেত্রে পুরোনো বা ভিন্ন কোনো ঘটনার ছবি নতুন শিরোনামে জুড়ে দিয়ে বানানো হচ্ছে বিভিন্ন ফেক কন্টেন্ট ।
সাধারণ ব্যবহারকারীদের বড় একটি অংশ ডিজিটাল মাধ্যমের এসব কৌশল সম্পর্কে পুরোপুরি সচেতন নন। আবেগ, কৌতূহল কিংবা দ্রুত তথ্য জানানোর প্রবণতা থেকে যাচাই-বাছাই ছাড়াই পোস্ট শেয়ার করায় ভুয়া তথ্য দ্রুত ভাইরাল হচ্ছে। অনেক সময় সম্মানিত ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংবেদনশীল বিষয়কে জড়িয়ে ভুয়া ফটোকার্ড বা ছবি তৈরি করায় বিভ্রান্তি দিনে দিনে আরও বাড়ছে।
না বুঝে শেয়ার করলে কী ধরনের বিপাকে পড়তে পারেন?
আইনি জটিলতা: গুজব বা মানহানিকর কিংবা রাষ্ট্র ও সমাজের জন্য স্পর্শকাতর কোনো ভুয়া তথ্য শেয়ার করলে সংশ্লিষ্ট আইনে জিজ্ঞাসাবাদ বা আইনি হয়রানির শিকার হওয়ার ঝুঁকি থাকে।
সামাজিক ও পেশাগত ক্ষতি: ভুল তথ্য ছড়ানোর দায়ে ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ণ হওয়া, এমনকি পরিচিত মহলে বিব্রতকর পরিস্থিতিতে পড়ার ঘটনা ঘটছে।
অ্যাকাউন্টের ঝুঁকি: বারবার ভুয়া বা বিভ্রান্তিকর কনটেন্ট শেয়ার করলে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের নীতিমালা লঙ্ঘনের কারণে অ্যাকাউন্ট সীমিত বা স্থগিত হওয়ার আশঙ্কা থাকে।
প্রতিকার ও সচেতনতার উপায়
বিশেষজ্ঞ ও সচেতন মহলের মতে, এই পরিস্থিতি মোকাবিলায় প্রযুক্তিগত সতর্কতার পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা সবচেয়ে জরুরি।
কোনো খবর বা ফটোকার্ড দেখলেই শেয়ার না করে সেটি নির্ভরযোগ্য ও মূল গণমাধ্যমের অফিশিয়াল পেজ বা ওয়েবসাইটে প্রকাশিত কি না, তা যাচাই করা দরকার । সন্দেহজনক শিরোনাম বা অতিরঞ্জিত ভাষা দেখলে সতর্ক হওয়া খুবই জরুরী।
নাটকীয় কোনো ছবি দেখলে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে সেটি আগে কখনো প্রকাশিত হয়েছিল কি না বা ভিন্ন কোনো ঘটনার কি না, তা খতিয়ে দেখতে হবে।
এআই ছবির খুঁটিনাটি লক্ষ করতে হবে এআই দিয়ে তৈরি অনেক ছবিতে এখনো সূক্ষ্ম অসংগতি দেখা যায়—যেমন হাতের আঙুলের গঠন, চোখের দৃষ্টি, লেখার অস্পষ্টতা, আলোর অস্বাভাবিকতা বা ব্যাকগ্রাউন্ডের অসামঞ্জস্য। এসব লক্ষ করলে বিষয়টি যাচাই করে নেওয়া উচিত ।
আবেগে গা না ভাসিয়ে কোনো পোস্ট দেখে দ্রুত রাগ, ভয় বা অতিরিক্ত আবেগ তৈরি হলে সেটি শেয়ার করার আগে কয়েক মুহূর্ত থামুন এবং তথ্যটির সত্যতা নিশ্চিত করার চেষ্টা করা জরুরী ।
রিপোর্ট করা ও সতর্ক থাকা ভুয়া তথ্য বা এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর ছবি চোখে পড়লে তা শেয়ার না করে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে ‘ফেক নিউজ’ বা ‘মিসলিডিং ইনফরমেশন’ হিসেবে রিপোর্ট করতে হবে।
সংশ্লিষ্টদের মতে, ডিজিটাল যুগে প্রতিটি নাগরিকের দায়িত্বশীল আচরণই ভুয়া তথ্য ও গুজব প্রতিরোধের প্রধান হাতিয়ার। তথ্য যাচাইয়ের অভ্যাস গড়ে তুললে যেমন সমাজে বিভ্রান্তি কমবে, ঠিক তেমনি না বুঝে শেয়ার করে বিপাকে পড়ার ঝুঁকিও অনেকটাই দূর হবে।
No tags found for this post.
মন্তব্য করুন