নিজস্ব প্রতিবেদক : ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সঙ্গে সংযুক্ত সরকারি বাঙলা কলেজে ভূগোল ও পরিবেশ বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে এক জাঁকজমকপূর্ণ ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) সকাল ১১টায় কলেজের মিলনায়তনে এ আনন্দঘন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিভাগের নবীন শিক্ষার্থীদের ফুল ও উপহারসামগ্রী দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। নবীনদের বরণ করার পাশাপাশি কলেজের ঐতিহ্য, শিক্ষাকার্যক্রম এবং বিভাগের একাডেমিক পরিবেশ সম্পর্কে বিশদ ধারণা দেওয়া হয়।
উক্ত নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর কুসুম লতা। অনুষ্ঠানে প্রধান বক্তা ও অভিভাবক হিসেবে উপস্থিত থেকে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এছাড়া বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিভাগীয় প্রধান প্রফেসর কুসুম লতা তাঁর বক্তব্যে নবীনদের আন্তরিক স্বাগতম জানিয়ে বলেন, “ভূগোল ও পরিবেশ বিভাগ সবসময় শিক্ষার মান উন্নয়ন এবং সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমান যুগে পরিবেশ রক্ষা এবং দেশের উন্নয়নে এই বিষয়টির গুরুত্ব অনেক। আমি বিশ্বাস করি, আমাদের নতুন শিক্ষার্থীরা পড়াশোনা ও অন্যান্য কাজে মন দিয়ে নিজেদের সেরাটা দেবে এবং বিভাগের নাম উজ্জ্বল করবে।”
আলোচনা পর্ব শেষে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক দৃষ্টিনন্দন ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। আনন্দঘন পরিবেশে গান, নৃত্য ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে উদযাপিত হয় এই বর্ণিল আয়োজন।
সবশেষে অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন, নবীনদের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা এবং মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।
No tags found for this post.
মন্তব্য করুন