সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য (Disinformation) ও অপপ্রচার রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোলার তজুমদ্দিনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন, তজুমদ্দিনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বনি আমিন।
সভায় তজুমদ্দিন প্রেসক্লাবের আহ্বায়ক সাঈদুল হক মুরাদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিক সাদীসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম বর্তমানে তথ্য আদান-প্রদানের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে যাচাই-বাছাই ছাড়াই কোনো তথ্য, ছবি বা ভিডিও প্রচার করলে তা দ্রুত মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা, বিকৃত বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সামাজিক ও রাষ্ট্রীয় স্থিতিশীলতা নষ্ট করার অপচেষ্টাও হতে পারে।
বক্তারা আরও বলেন, কোনো তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার বা প্রচারের আগে এর উৎস, সত্যতা ও প্রাসঙ্গিকতা যাচাই করা জরুরি। বিশেষ করে গুজব, ভুয়া সংবাদ, সম্পাদিত ছবি ও ভিডিও এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার সম্পর্কে সাংবাদিকদের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।
সভাপতির বক্তব্যে ইউএনও বনি আমিন সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করে বলেন, তথ্য প্রচারের ক্ষেত্রে সত্যতা যাচাই এবং দায়িত্বশীল সাংবাদিকতা ও নাগরিক সচেতনতা বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সভায় উপস্থিত সাংবাদিকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধে গণমাধ্যমের দায়িত্ব, তথ্য যাচাই এবং সাধারণ মানুষকে সচেতন করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
No tags found for this post.
মন্তব্য করুন