বোরহানউদ্দিনে অতিরিক্ত মূল্যে অকটেন বিক্রি: পেট্রোল জব্দ, জরিমানা ও আটক
রনি ইসলাম,বার্তা সম্পাদকঃ
ভোলার বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ বাজারে সরকার নির্ধারিত মূল্য ছাড়া অতিরিক্ত মূল্যে অকটেন ও পেট্রোল বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, একজনকে আটক এবং এক ব্যবসায়ীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
আজ (২৩ এপ্রিল ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বাজারের ‘সবুজ স্টোর’ নামক একটি দোকানে অবৈধভাবে পেট্রোল মজুত রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছিল।
এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ কুমারের নেতৃত্বে একটি টাস্কফোর্স বাজারে অভিযান পরিচালনা করে। অভিযানে দোকানটির গুদাম থেকে অবৈধভাবে মজুত রাখা পেট্রোল জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে এক কর্মচারীকে আটক করা হয়। তবে অভিযানের সময় মূল মালিককে পাওয়া যায়নি।
অভিযানের ধারাবাহিকতায় একই বাজারে সরকার নির্ধারিত মূল্য ছাড়া অতিরিক্ত মূল্যে অকটেন বিক্রির অপরাধে কিরণ চন্দ্র দে (৫০), পিতা: মৃত অমূল্য ভূষণ দে, সাং- টবগী ০২ নং ওয়ার্ড, বোরহানউদ্দিন, ভোলাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রির জন্য কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) জানান, বাজারে কৃত্রিম সংকট তৈরি ও অতিরিক্ত মূল্যে জ্বালানি বিক্রির মতো অনিয়ম বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জব্দকৃত জ্বালানি তেল সরকারি নিয়ম অনুযায়ী বিক্রির প্রক্রিয়া চলছে এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এ ঘটনায় স্থানীয় সাধারণ মানুষ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং বাজারে শৃঙ্খলা ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছেন।
No tags found for this post.
মন্তব্য করুন