মনোনয়ন জমা দিতে লালমোহন আসছেন বিএনপি প্রার্থী মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম ।।
রিপন শান #
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি মনোনীত ১১৭ ভোলা-৩ আসনের প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম মনোনয়নপত্র জমা দিতে লালমোহনে আসছেন।
দলীয় সূত্র জানিয়েছে, শনিবার বিকেলে তিনি ঢাকার সদরঘাট থেকে এমভি সম্পদ লঞ্চে ভোলার উদ্দেশে রওনা হন। রাত ১০টার দিকে তিনি লঞ্চ থেকে ভোলার ইলিশা ঘাটে নেমে সেখান থেকে লালমোহনের উদ্দেশে যাত্রা করবেন।
রোববার সকালে মনোনয়নপত্র জমাদান উপলক্ষ্যে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত দোয়া ও মোনাজাতে অংশ নেবেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। দোয়া মোনাজাত শেষে তিনি লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেবেন।
লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম আজ রাতেই লালমোহনে পৌঁছাচ্ছেন। তার আগমন ও মনোনয়নপত্র জমাদানকে কেন্দ্র করে দলের নেতাকর্মীরা ভোলার উদ্দেশে সন্ধ্যা সাড়ে ৭টায় রওনা হয়েছেন।
এদিকে, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমের আগমনকে ঘিরে লালমোহনে বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিপুল আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে ।
No tags found for this post.
মন্তব্য করুন