ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) : জামালপুরের দেওয়ানগঞ্জে নেশার টাকা না পেয়ে মো. হাসান ওরফে আ. খালেক (২৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার (১৭ ডিসেম্বর) বেলা আড়াইটায় উপজেলার লংকারচর গ্রামে তার নিজ বাড়িতেই এ ঘটনা ঘটে। হাসান মৃত শফিকুল ইসলাম ও হাসিনা বেগম দম্পতির একমাত্র ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হাসান নিয়মিত মাদক সেবন করতো। মাদক সেবনের জন্য মা ও স্ত্রী রোমানার (২০) কাছ থেকে টাকা চেয়ে নিত। কয়েকদিন থেকে তার মা অসুস্থ হয়ে শয্যাশায়ী থাকায় তার স্ত্রীর উপর মাঝে মধ্যেই টাকার জন্য চাপ দিত। বুধবার সকালে স্ত্রীর কাছ থেকে টাকা চায়। টাকা না পেয়ে মারধরের জন্য চড়াও হয়। তখন স্ত্রী দৌড়ে পাশের বাড়িতে লুকিয়ে থাকে।
এদিকে হাসান দুপুরে দরজা বন্ধ করে ঘরের ধরনার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক দেবাশীষ সাহা সঙ্গীয় ফোর্স নিয়ে এসে ঝুলন্ত লাশ নামিয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় নিয়ে যায়।
পুলিশ পরিদর্শক দেবাশীষ সাহা জানান, ছেলেটি নেশায় আসক্ত। টাকা না পেয়ে বিভিন্ন সময় ভাংচুর ও মারামারি করতো। দুপুরে ঘরের ধরনার সাথে রশি বেঁধে আত্মহত্যা করে। লাশের সুরতহাল নেয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
No tags found for this post.
মন্তব্য করুন