মুশতাক আহমেদ পবিপ্রবি প্রতিনিধি :কম্বাইন্ড ডিগ্রি চালুর বিষয়ে শর্তসাপেক্ষে সমর্থন জানিয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিসিপ্লিনের শিক্ষার্থীরা।মঙ্গলবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বরিশাল ক্যাম্পাসে গণস্বাক্ষরের মাধ্যমে শিক্ষার্থীরা এই অবস্থান তুলে ধরেন। এতে তারা তিনটি শর্তের ভিত্তিতে ডিভিএম ও এ্যানিমেল হাজবেন্ড্রিকে একীভূত করে কম্বাইন্ড ডিগ্রির প্রতি একাত্মতা প্রকাশ করেন।
প্রথম শর্ত অনুযায়ী, প্রস্তাবিত কম্বাইন্ড ডিগ্রির নাম হতে হবে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম)— এ নামের বাইরে কোনো বিকল্প গ্রহণযোগ্য নয়।দ্বিতীয় শর্তে বলা হয়েছে, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ডিভিএম কিংবা এএইচ (এ্যানিমেল হাজবেন্ড্রি) শিক্ষার্থীদের কেউই এই কম্বাইন্ড ডিগ্রির আওতায় আসবেন না। তারা কোনো ম্যাপিং বা মেকআপ কোর্সেও অংশ নেবেন না।তৃতীয় শর্ত অনুযায়ী, আগামী শিক্ষাবর্ষ থেকে সরকারিভাবে সার্কুলার প্রকাশের পর সারাদেশে একযোগে ভর্তি পরীক্ষা নিয়ে কম্বাইন্ড ডিগ্রিতে শিক্ষার্থী ভর্তি করতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘বাংলাদেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়নের স্বার্থে ও সামগ্রিক অগ্রযাত্রাকে বেগবান করতে এই শর্তসাপেক্ষ কম্বাইন্ড ডিগ্রি সময়োপযোগী। তবে উল্লিখিত শর্তসমূহ উপেক্ষিত হলে শিক্ষার্থীরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।’
উল্লেখ্য, এর আগে গত ২৮ জুলাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও ২৯ জুলাই থেকে পবিপ্রবিতে পশুপালন শিক্ষার্থীরা কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলন শুরু করেন। পবিপ্রবিতে শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
No tags found for this post.
মন্তব্য করুন