ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় উন্নয়ন সংঘের আয়োজনে গবাদিপশুর রোগ প্রতিরোধে ভ্যাকসিন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘের যৌথ কারিগরি সহায়তায় পরিচালিত CAAL (Climate Adaptation and Livelihood) প্রজেক্টের উদ্যোগে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং গবাদিপশুর রোগ প্রতিরোধে স্থানীয় খামারি ও পশুপালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করা হয়।
ক্যাম্পেইনে দেওয়ানগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কারিগরি সহায়তায় ডাংধরা ইউনিয়ন ভ্যাক্সিনেটর মো. ফরিদুল ইসলাম এবং এআই টেকনিশিয়ান নজরুল ইসলাম গবাদিপশুর টিকাদান কার্যক্রম পরিচালনা করেন।
এসময় উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘের প্রকল্প ম্যানেজার মো. তাহেরুল ইসলাম, ফিল্ড অর্গানাইজার নজরুল ইসলাম এবং প্রকল্পের এমএসপি সদস্যবৃন্দ।
ক্যাম্পেইনে গবাদিপশুকে লাম্পি স্কিন ডিজিজ (LSD), ক্ষুরারোগ (FMD) ও তড়কা রোগের ভ্যাকসিন প্রদান করা হয়। আয়োজকরা জানান, গবাদিপশুর রোগ প্রতিরোধ, প্রাণিসম্পদের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয় খামারি ও পশুপালকরা এ ধরনের ভ্যাকসিন ক্যাম্পেইন আয়োজন করায় আয়োজকদের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
No tags found for this post.
মন্তব্য করুন