লালমোহন উপজেলা প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার কৃতি সন্তান অ্যাড. মো. আমিনুল ইসলাম ফিরোজ বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন।
গত ৩০ জুলাই মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর মো. মারুফ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পূর্বে নিয়োগপ্রাপ্ত সব সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগাদেশ বাতিলপূর্বক The Bangladesh Law Officers Order, 1972 (P.O. No. 6 of 1972)-এর ৩(১) অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সুপ্রিম কোর্টে কর্মরত আইনজীবী অ্যাড. মো. আমিনুল ইসলাম ফিরোজকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করা হয়েছে।
এদিকে, সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ার খবরে লালমোহনজুড়ে আনন্দের আমেজ বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অ্যাড. মো. আমিনুল ইসলাম ফিরোজ লালমোহন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি আবদুল গণী ও মোর্শেদা বেগমের কনিষ্ঠ সন্তান।
শিক্ষাজীবনে তিনি লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে দাখিল ও আলিম সম্পন্ন করেন। পরে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিএ, এমএ, বিএড ও এলএলবি ডিগ্রি অর্জন করেন। ২০১০ সালে তিনি বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। এরপর থেকে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে নিয়মিত আইন পেশায় নিয়োজিত রয়েছেন।
পেশাগত জীবনে তিনি নির্যাতিত ও নিপীড়িত মানুষের পক্ষে আইন অঙ্গনে কাজ করে আসছেন। তিনি মহামান্য রাষ্ট্রপতির ব্যক্তিগত আইনজীবী হিসেবে দীর্ঘ ১৫ বছর দায়িত্ব পালন করেছেন এবং রাষ্ট্রপতির বিভিন্ন মামলায় আদালতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এ সময় তিনি আওয়ামীপন্থী আইনজীবীদের একাধিক হামলার শিকার হয়ে আহত হয়েছেন বলে তাঁর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে।
এ ছাড়া তিনি মহামান্য রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রমের বিভিন্ন মামলার আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলায় তালিকাভুক্ত আইনজীবী হিসেবে আদালতে আইনি লড়াইয়ে অংশ নিয়েছেন। যুক্তিতর্ক ও উপস্থাপনায় তাঁর প্রাঞ্জল ভাষাশৈলী আইনজীবী মহলে প্রশংসিত।
রাজনৈতিক কর্মকাণ্ডেও তিনি সক্রিয়। তিনি লালমোহন পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও আইনবিষয়ক সম্পাদক, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, ঢাকা জজ কোর্ট শাখার সহ-সম্পাদক, শহীদ জিয়া আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং ঢাকাস্থ লালমোহন থানা জাতীয়তাবাদী ফোরামের যুগ্ম সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সামাজিক কর্মকাণ্ডেও তাঁর রয়েছে উল্লেখযোগ্য অবদান। তিনি ঢাকায় অবস্থানরত লালমোহনের বাসিন্দাদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘লালমোহন ফাউন্ডেশন’-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ডা. আজাহার উদ্দিন ডিগ্রি কলেজ ও ধলীগৌরনগর মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ডিগ্রি কলেজের গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য। এছাড়া লালমোহন উপজেলা মাদ্রাসা শিক্ষা বিষয়ক কমিটির সভাপতি এবং পৌরসভার উত্তর বাজারস্থ বাইতুর রেদওয়ান জামে মসজিদের সভাপতির দায়িত্বও পালন করছেন।
No tags found for this post.
মন্তব্য করুন