গোপালগঞ্জের কোটালীপাড়ায় চলন্ত ভ্যান থেকে মায়ের কোল থেকে ছিটকে পড়ে এক মাস দশ দিন বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে।
আজ দুপুরের দিকে শিশুটির মাতা রিয়া মনি কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসাসেবা গ্রহণ শেষে ব্যাটারিচালিত ভ্যানে চড়ে তার পিতৃালয় কোটালীপাড়া উপজেলার পূর্ণবতী গ্রামের উদ্দেশে রওনা হন। যাত্রাপথে কুরপালা নামক এলাকায় পৌঁছালে মায়ের কোলে থাকা শিশুটি নড়াচড়া করে ওঠে। এ সময় মা ওড়না সরিয়ে সন্তানকে দেখতে গেলে এক হাত দিয়ে বোরকা ধরে রেখেছিলেন। একপর্যায়ে বোরকাটি হাত ফসকে ভ্যানের চাকায় পেঁচিয়ে যায় এবং মা সড়কের ওপর ছিটকে পড়েন। সেই মুহূর্তেই মায়ের কোল থেকে শিশুটিও সড়কে আছড়ে পড়ে। ঠিক তখনই পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি ইজিবাইক শিশুটির ওপর দিয়ে চলে যায়।
গুরুতর আহত অবস্থায় শিশুটিকে দ্রুত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত শিশুটি বরিশালের আগৈলঝাড়া উপজেলার আমবৌলা গ্রামের মোস্তাফিজ মিয়ার সন্তান।
০৯/১১/২৬
No tags found for this post.
মন্তব্য করুন