বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি পার্বত্য জেলার ২৯৮ নং সংসদীয় আসনের বিভিন্ন ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতের দাবিতে যৌথ সংবাদ সম্মেলন করেছেন চারজন প্রার্থী। তারা ঝুঁকিপূর্ণ ও অতিঝুঁকিপূর্ণ (রেডমার্ক) কেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় খাগড়াছড়ি আইনজীবি সমিতির আয়োজনে খাগড়াছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে প্রার্থীরা জানান, এ আসনের মোট ২০৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১২১ টি ঝুঁকিপূর্ণ এবং ৬৮ টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এমন পরিস্থিতিতে নির্বাচন শুরুর আগের দুই দিন থেকে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান এবং ভোটকেন্দ্রের আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি নিশ্চিত করার দাবি জানান তারা।
বক্তারা বলেন করেন, পাহাড়ি এলাকায় সক্রিয় অস্ত্রধারী সংগঠনগুলোর মাধ্যমে কেন্দ্র দখল, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, জোরপূর্বক প্রভাব বিস্তার এবং জাল ভোট দেওয়ার আশঙ্কা রয়েছে। এসব শঙ্কা বিবেচনায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান তারা, যাতে সাধারণ ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। এছাড়া উপস্থিত ছিলেন গণধিকার পরিষদের প্রার্থী দীনময় রোয়াজা, জাতীয় পার্টির প্রার্থী মিথিলা রোয়াজা এবং ইনসানিয়াত বিপ্লব দলের প্রার্থী মো. নুরুল ইসলাম।
প্রার্থীরা বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হলে ভোটারদের মধ্যে আস্থা ফিরে আসবে এবং একটি শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
No tags found for this post.
মন্তব্য করুন